নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
জুলাই আন্দোলনে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ এবং গুম-খুনের পৃথক মামলায় সাংবাদিক শ্যামল দত্ত ও সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
সেফ হোমে জিজ্ঞাসাবাদের মুখোমুখি শ্যামল দত্ত
ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাংবাদিক শ্যামল দত্তকে ‘সেফ হোমে’ নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন মামলার তদন্ত কর্মকর্তা। জুলাই আন্দোলনের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে গত ১৭ অগাস্ট রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়। পরে ২৪ অগাস্ট তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ আসে।
বর্তমানে ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যা মামলায় ট্রাইব্যুনালের আদেশে এবং শ্যামল দত্ত জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের আদেশে কারাগারে রয়েছেন।
গুম-খুনের দুই মামলায় তারেক সাঈদকে জিজ্ঞাসাবাদ
গুম ও ‘ক্রসফায়ারের’ পৃথক মামলায় সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।
প্রসিকিউটর গাজী এম এইচ তামীম আদালতকে জানান, অন্য একটি মামলায় দণ্ডিত হয়ে তারেক সাঈদ বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন। এর আগে গত ৪ অগাস্ট রাষ্ট্রপক্ষের আবেদনের পর ১০ অগাস্ট তাকে ট্রাইব্যুনালে হাজির করে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রসিকিউটর শাইখ মাহদী জানান, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপির তিন নেতা আব্দুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়। একই ঘটনায় বিএনপির কর্মী বেল্লাল হোসেনকে গুম করার অভিযোগ রয়েছে তারেক সাঈদের বিরুদ্ধে।
এছাড়া ২০১৩ সালের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামে বিএনপির দুই নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করার অভিযোগেও তার বিরুদ্ধে পৃথক মামলার তদন্ত চলছে।
আরএনবি/এএস