Dhaka Mail Logo

আইন-আদালত

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য না থাকা কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

বিয়ের কাবিননামায় বর ও কনের আগের বিয়ে এবং সন্তানের তথ্য উল্লেখ না করার বিষয়টিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে কাবিননামায় বর ও কনে উভয়ের আগের বিয়ে, পূর্বে কয়টি বিয়ে হয়েছে এবং সেসব সংসারে কতজন সন্তান রয়েছে—এসব তথ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের দুই সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) রুলের জবাব দিতে বলা হয়েছে। এই তিনজনকে রিটে বিবাদী করা হয়েছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও তানজিলা রহমান।

এর আগে প্রচলিত কাবিননামায় পূর্ববর্তী বিয়ে ও সন্তানের তথ্য না থাকার বিষয়টি চ্যালেঞ্জ করে গত ২৫ আগস্ট জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হাসান।

শুনানি শেষে আইনজীবী শেখ ওমর শরীফ বলেন, বর্তমানে প্রচলিত কাবিননামায় বর ও কনে উভয়ের আগের বিয়ের তথ্য যথাযথভাবে উল্লেখের সুযোগ নেই। কারও আগের বিয়ে বা আগের সংসারের সন্তান থাকলেও কাবিননামায় তা উল্লেখ না থাকায় পরবর্তী দাম্পত্য জীবন, খোরপোশ বা উত্তরাধিকার নির্ধারণের ক্ষেত্রে নানা আইনি জটিলতা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, তথ্য গোপন করার কারণে বিয়েতে প্রতারণার অভিযোগও নিয়মিত আসছে। এসব বিষয় তুলে ধরেই আদালতে রুল চাওয়া হয়েছিল। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে রুল জারি করেছেন।

মামলার পরবর্তী কার্যক্রম সম্পর্কে এই আইনজীবী জানান, আদালত চার সপ্তাহের রুল দিয়েছেন। আদালতের অবকাশকালীন ছুটির পর তারা এর চূড়ান্ত শুনানির উদ্যোগ নেবেন।

আরএনবি/এআর