নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম
চলতি বছরের প্রথম আট মাসে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা নিষ্পত্তিতে উল্লেখযোগ্য গতি এসেছে। এ সময়ে আপিল ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে মোট ৯৮ হাজার ৭৩২টি মামলা নিষ্পত্তি হয়েছে।
এর মধ্যে শুধু হাইকোর্ট বিভাগেই নিষ্পত্তি হয়েছে ৮৭ হাজার ৫৯৬টি মামলা, যা গত পাঁচ বছরের যেকোনো পূর্ণ বছরের হিসাবকেও ছাড়িয়ে গেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মামলা দায়ের ও নিষ্পত্তির এ পরিসংখ্যান তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আপিল বিভাগে মোট ১১ হাজার ১৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। বিপরীতে একই সময়ে নতুন মামলা দায়ের হয়েছে ৯ হাজার ১৩৯টি। অর্থাৎ, এ সময়ে নতুন দায়ের হওয়া মামলার চেয়ে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ১ হাজার ৯৯৭টি বেশি।
পরিসংখ্যানে দেখা যায়, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত আপিল বিভাগে বছরে গড়ে প্রায় ৬ হাজার ৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছিল। সে তুলনায় চলতি বছরের প্রথম আট মাসেই প্রায় দ্বিগুণ মামলা নিষ্পত্তি করেছে সর্বোচ্চ আদালত।
চলতি বছরের প্রথম আট মাসে মোট ১৩২ কর্মদিবসে আপিল বিভাগে প্রতিদিন গড়ে প্রায় ৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। এতে বছরের শুরুতে থাকা ৪১ হাজার ৫৫১টি বিচারাধীন মামলার জট কমে আগস্ট শেষে ৩৯ হাজার ৫৫৪টিতে দাঁড়িয়েছে।
হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি ৮৭ হাজার ছাড়াল
হাইকোর্ট বিভাগে মামলা নিষ্পত্তির ক্ষেত্রেও বড় ধরনের অগ্রগতি লক্ষ করা গেছে। চলতি বছরের প্রথম আট মাসে এ বিভাগে মোট ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ, প্রতি মাসে গড়ে প্রায় ১০ হাজার ৯৫০টি মামলা নিষ্পত্তি হয়েছে।
পরিসংখ্যান বলছে, বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে হাইকোর্টে মামলা নিষ্পত্তির গতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৭ হাজার ৭৩৯টি মামলা নিষ্পত্তি হলেও এপ্রিল থেকে জুন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ২৭ হাজার ৫৬০টি। আর শুধু জুলাই মাসেই ৩২ হাজার ২১১টি এবং আগস্ট মাসে ২০ হাজার ৮৬টি মামলা নিষ্পত্তি করেছে হাইকোর্ট।
২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত হাইকোর্টে মামলা নিষ্পত্তির পরিসংখ্যান বিশ্লেষণ করে সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, চলতি বছরের প্রথম আট মাসের এই নিষ্পত্তির হার বিগত পাঁচ বছরের যেকোনো পূর্ণ বছরের চেয়ে বেশি। বিশেষ করে ২০২৫ সালের পুরো বছরে নিষ্পত্তি হওয়া ৫৫ হাজার ৭৫৬টি মামলার তুলনায় এ সংখ্যা ৩১ হাজার ৮৪০টি বেশি।
এই আট মাসে নতুন মামলা দায়েরের চেয়ে নিষ্পত্তির হার বেশি হওয়ায় হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যাও কমেছে। বছরের শুরুতে এ বিভাগে বিচারাধীন মামলা ছিল ৬ লাখ ৫৯ হাজার ২৫৬টি। আগস্টের শেষে তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৬ হাজার ২৭৬টিতে। অর্থাৎ, বিচারাধীন মামলা কমেছে ১২ হাজার ৯৮০টি।
ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে বিশেষ বেঞ্চ
চাঞ্চল্যকর ও গুরুতর ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠনের কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, হাইকোর্টে নিয়মিত ডেথ রেফারেন্স বেঞ্চের পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন এবং সংশ্লিষ্ট আপিলগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির জন্য গত জুনে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করেন।
গঠনের পর থেকে এ পর্যন্ত ওই বেঞ্চ ২২টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি করেছে, যাকে গুরুতর ফৌজদারি মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
মামলা নিষ্পত্তির এই ধারা অব্যাহত রেখে বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট দৃঢ়প্রতিজ্ঞ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরএনবি/এআর