Dhaka Mail Logo

অর্থনীতি

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের মুখোমুখি অবস্থান ঘিরে উত্তেজনা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ও ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাংকটির প্রধান কার্যালয় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখা, ব্যাংকে সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার দাবিতে বিক্ষোভ করছেন। কর্মসূচিতে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবসায়ী ও গ্রাহকরাও বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

অন্যদিকে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছেন। তাদের অভিযোগ, এস আলম গ্রুপের সময়ে নিয়োগ পাওয়া এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও সনদ যাচাইয়ের পর যেসব কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে।

চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের দাবি, প্রায় পাঁচ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চাকরিহীন অবস্থায় মানবিক সংকটের মধ্যে রয়েছেন। বকেয়া বেতন-ভাতাদিসহ কোনো শর্ত ছাড়াই তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে-এটাই তাদের এক দফা দাবি।

এর আগে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সচেতন গ্রাহক ফোরাম। আজকের কর্মসূচিতেও তারা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা ও কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন।

দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে মতিঝিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।

টিএই/এমআর