নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম
ছবি ছাড়া কেবল বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এর ফলে ছবি বাধ্যতামূলক রেখে আগের নিয়মেই এনআইডি তৈরি করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ইসি আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, আদালত রুলটি খারিজ করে দিয়েছেন। ফলে ছবি ছাড়া এনআইডি পাওয়ার আর কোনো সুযোগ থাকল না।
মামলার নথি থেকে জানা যায়, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী পর্দা পালন করার কারণে কোনো ধরনের ছবি তুলতে অসম্মতি জানান রাজধানীর শাহজাহানপুরের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা।
বিকল্প উপায়ে ছবি ছাড়া এনআইডি পেতে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বরাবরে আবেদন করেন তিনি।
আবেদন নিষ্পত্তি না হওয়ায় ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচারের মাধ্যমে পরিচয়পত্র পাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি। এতে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে প্রতিনিধি করা হয়।
উক্ত রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ৬ মার্চ রুল জারি করেন হাইকোর্ট। রুলে ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে এনআইডি তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল।
রুল শুনানিকালে রাষ্ট্র ও ইসি পক্ষ থেকে আদালতকে জানানো হয়, ছবি ছাড়া পরিচয়পত্র দেওয়ার সুযোগ বিদ্যমান আইনি কাঠামো ও সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। হজ পালন বা ব্যাংক হিসাব খোলার মতো সেবার ক্ষেত্রে ছবির বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া চোখের আইরিশ শনাক্তের মতো বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করতে গেলেও পর্দার বাইরে আসতে হয়, যা রিটকারীর দাবির সঙ্গেও পরস্পরবিরোধী। চূড়ান্ত শুনানি শেষে আদালত বুধবার এই রুল খারিজের রায় দেন।
আরএনবি/এআরএম