Dhaka Mail Logo

আইন-আদালত

‘আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধের পক্ষে আমরা নেই’

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপের বিরোধিতা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধের পক্ষে আমরা নেই। বিচারব্যবস্থায় স্বচ্ছতার স্বার্থেই সাংবাদিকদের আদালতে প্রবেশের সুযোগ থাকা উচিত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ব্যারিস্টার খোকন বলেন, আপিল বিভাগের এজলাসে সাংবাদিক প্রবেশ বন্ধ করার পক্ষে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং আমরা নেই। আমাদের প্রত্যেকটি কোর্টে ‘ওপেন ট্রায়াল’ হয়। সেখানে যে কেউ রেজিস্ট্রেশন বা পাস নিয়ে ঢুকতে পারে। এখানে গোপনীয়তার কিছু নেই।

তিনি আরও বলেন, কোর্টে সাংবাদিকরা ঢুকবে না, সংবাদ সংগ্রহ করবে না— এর পক্ষে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নেই। আমি নিজেও নেই; কারণ আমি এটা বিশ্বাসও করি না। স্বচ্ছতার জন্যই সব সাংবাদিক বা বিচারপ্রার্থীদের একটি সুশৃঙ্খল প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে দেওয়া উচিত। কোর্টরুমে কী হচ্ছে, সেটি বিচারপ্রার্থী এবং জাতিকে জানাতে হবে।

উল্লেখ্য, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আপিল বিভাগে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এর আগে দুপুরে একটি মামলার শুনানিকে কেন্দ্র করে প্রধান বিচারপতির সঙ্গে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে।একপর্যায়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।

এই নজিরবিহীন ঘটনার পর ওইদিন দুপুর পর্যন্ত আপিল বিভাগের বিচারিক কার্যক্রম আর শুরু হয়নি।

এমন উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটেই সমিতির সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন।

আরএনবি/এফএ