নিজস্ব প্রতিবেদক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সরকারের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনটি জমা দেওয়া হয়।
মুন্সিগঞ্জের বাসিন্দা মো. আল আমিনের পক্ষে এই রিট আবেদনটি করেন আইনজীবী অ্যাডভোকেট উনূস আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমী রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবেদনটি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় (কজলিস্ট) রয়েছে।
এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।
এখন সেই প্রজ্ঞাপনটি আইনগতভাবে বৈধ নয় দাবি করে তা বাতিল বা স্থগিতের আর্জি জানানো হয়েছে এই রিটে। আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন, শিগগিরই আবেদনটির ওপর শুনানি হতে পারে।
আরএনবি/এএইচ