নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৬, ১২:১৫ পিএম
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ জন সংসদ সদস্য। এ রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদি করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রিট দায়েরের তথ্য নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
মোহাম্মদ শিশির মনির বলেন, ‘রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং বেআইনি।’
রিটকারীদের বক্তব্য, জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টনের এ সিদ্ধান্তের কোনো আইনগত কর্তৃত্ব রয়েছে কি না এবং এটি সংবিধান ও প্রচলিত আইনকানুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা আদালতের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।
রিটকারী ১১জন হলেন- পাবনা-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নাজিবুর রহমান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম, রংপুর-৫ আসনের সংসদ সদস্য মো. গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ, যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ), পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম, শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন এবং চট্টগ্রাম আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম।
পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালেও একইভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সে সময় রিট আবেদন করা হলে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।
এমআই