নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব এবং জিরো এফআইআর ব্যবস্থা কার্যকর করতে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ৯৯৯-এর পরিচালক এবং তথ্য ও সম্প্রচার সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সায়কা কবির জিতি জনস্বার্থে এই রিট আবেদন করেন। আদালতে তিনি নিজেই (পিটিশনার ইন পারসন) শুনানি করেন।
রুলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে দেরি হওয়া, কল বারবার এক দপ্তর থেকে অন্য দপ্তরে স্থানান্তর (রিডাইরেক্ট), কার্যকর জিপিএসভিত্তিক লোকেশন ও কলার শনাক্তকরণ ব্যবস্থা বজায় রাখতে ব্যর্থতা এবং নিকটতম টহল দল দ্রুত মোতায়েনে ব্যর্থতার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে কার্যকর জিরো এফআইআর (ঘটনা যে অঞ্চলেই ঘটুক না কেন, যেকোনো থানায় মামলা করার ব্যবস্থা) প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
আইনজীবী সায়কা কবির জিতি বলেন, জরুরি সেবা পাওয়ার ক্ষেত্রে ৯৯৯-এর দীর্ঘসূত্রতা এবং জিরো এফআইআর ব্যবস্থা না থাকায় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে সাধারণ মানুষ সময়মতো পুলিশি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এটি সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে বর্ণিত আইনের সুরক্ষা ও জীবন রক্ষার মৌলিক অধিকারের পরিপন্থী। আদালত বিষয়টি আমলে নিয়ে রুল দিয়েছেন।
রিট আবেদনে বলা হয়, সঠিক জিপিএস ব্যবস্থা ও তাৎক্ষণিক পুলিশ মোতায়েনের কার্যকর ব্যবস্থা না থাকায় জরুরি মুহূর্তে আইনের সুরক্ষা পাওয়ার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এসব ব্যর্থতা অসাংবিধানিক ঘোষণা করার আরজিও জানানো হয়েছে রিটে।
আরএনবি/এআর