নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬, ০২:৩৮ পিএম
জুলাই আন্দোলন চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দিয়ে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনার অভিযোগে গ্রেফতার তিন সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের সদস্য হিসেবে ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
কারাগারে পাঠানো তিন সাংবাদিক হলেন- একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, একই প্রতিষ্ঠানের সাবেক বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক ফারজানা রুপা এবং ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
শুনানিতে প্রসিকিউশন পক্ষ এই তিনজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন জানায়। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় প্রার্থনা করলে আদালত আগামী ২৫ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করার সময় এই সাংবাদিকরা উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেন। প্রসিকিউশনের দাবি, ওই উসকানিমূলক প্ররোচনার ধারাবাহিকতায় জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।
এর আগে সকালে কড়া পুলিশি পাহারায় একটি প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। শুনানি শেষে আদালত তাদের পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৭ আগস্ট এই তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট (হাজিরা পরোয়ানা) চেয়েছিল রাষ্ট্রপক্ষ।
এই মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রসিকিউশনকে দুই মাস সময় দেওয়া হয়েছে।
আরএনবি/এমআই