Dhaka Mail Logo

আইন-আদালত

‘ঢালাওভাবে’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট ২০২৬, ০১:৫৯ পিএম

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

একই রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১৬ আসামির মধ্যে ১০ জনকে খালাস এবং ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া এই মামলায় বিচারিক আদালতের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়ে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয়।

রায়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।

নিম্ন আদালতের দেওয়া ফাঁসির রায় থেকে খালাস পেয়েছেন ১০ জন এবং সাজা কমিয়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এই মামলায় মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন।

বিচারিক আদালতের সেই রায় অনুমোদনের আবেদন (ডেথ রেফারেন্স) ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে সোমবার উচ্চ আদালত এই রায় দেন।

রায়ে বিচারক মামুনুর রশিদের পূর্বের দেওয়া রায়ের পর্যবেক্ষণ সাপেক্ষে তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

আরএনবি/এমআই