নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ০৯:৪০ এএম
বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার পর কড়া নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
প্রসিকিউশন জানিয়েছে, ইলিয়াস আলী গুমের ঘটনায় তদন্ত কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আজ ট্রাইব্যুনালে হাজির করার পর প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আনুষ্ঠানিক আবেদন জানানো হবে।
২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী।
ওই সময় তিনি সিলেট জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া সিলেট-২ আসন থেকে দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই প্রভাবশালী বিএনপি নেতা।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ইলিয়াস আলীর নিখোঁজ রহস্য নিয়ে নানা আলোচনা থাকলেও সম্প্রতি এই গুমের ঘটনায় জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
আরএনবি/এআরএম