নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৬, ০৬:১১ পিএম
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গঠিত আনুষ্ঠানিক অভিযোগের (ফরমাল চার্জ) বিরুদ্ধে রিভিউ বা পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন।
এ অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১৯ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী
এদিন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ আবেদনের ওপর শুনানি করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। তিনি এ মামলায় থাকা কিছু অসঙ্গতি তুলে ধরে তোফাজ্জল হোসেনের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানান। শুনানিতে রাগীব রউফ বলেন, এটি একটি ব্যতিক্রমী মামলা এবং তার মক্কেল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
মামলার বিবরণ থেকে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০০৯ সালে তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে একটি বিবিধ মামলা (মিস কেস) করা হয়।
তদন্ত সংস্থা এই মামলার তদন্ত শেষে দুই দফা প্রতিবেদন দাখিল করে জানায়, তোফাজ্জলের বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে এরপর প্রসিকিউশন তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগ এনে নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৫ সালের ১৬ এপ্রিল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তোফাজ্জল হোসেন। আদালত দুই দফা শুনানি শেষে তার অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেন।
প্রসিকিউশনের দাখিল করা অভিযোগের ভিত্তিতে তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরু করা হবে কি না, সে বিষয়ে আগামী ৩১ আগস্ট সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।
আরএনবি/এএইচ