Dhaka Mail Logo

আইন-আদালত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম

জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার বিষয়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে রিটটি করেন। শুনানিতে তিনি নিজেই রিটের পক্ষে বক্তব্য দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করার আবেদন জানানো হয়। একই সঙ্গে আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছিল।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তাঁর আসন শূন্য হবে।

এই বিধান বহাল রেখেই গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর আগে ২০১৮ সালেও সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে হাইকোর্টের একটি একক বেঞ্চ ওই রিট খারিজ করে দেন।

এমআই