Dhaka Mail Logo

আইন-আদালত

ধানমণ্ডি ৩২ থেকে আটক নিষিদ্ধ যুবলীগ কর্মী অর্নব কারাগারে

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম

ধানমন্ডি ৩২ নম্বরে এসে জনতার হাতে আটকের পর গ্রেফতার হওয়া নিষিদ্ধ যুবলীগের কর্মী অর্ণব দাসকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার (১৬ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। 

এর আগে শনিবার সকাল ১০টার দিকে অর্নব দাস ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক হন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হলে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়। এরপর ওইদিন বিকেলে তাকে আদালতে তোলা হয়। পরে বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই মো. আরিফুল ইসলাম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অর্ণব দাসের পক্ষে আইনজীবী লিটন মিয়া, ডি কে গায়েন টিটোসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানির সময় অর্ণবকে এজলাসে তোলা হয়নি। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতারের পর ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, অর্ণব ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসেছিলেন। তার বাড়ি টাঙ্গাইলে। নিরাপত্তার স্বার্থে তাকে আটক করা হয়েছে। তিনি একজন যুবলীগের সক্রিয় কর্মী। 

এমআইকে/এএস