Dhaka Mail Logo

আইন-আদালত

হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন সেই গাজী নজরুলের

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম

রাজধানীর পল্লবী থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। 

সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার শুনানি শেষে এই আদেশ দেন। একইসঙ্গে আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

গত ২১ জুলাই গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। মামলায় আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোস্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসান নামের আরও চার সহযোগীকেও আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি সংসদ সদস্যের একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে ওবায়দুর রহমানের ওপর ক্ষুব্ধ হন গাজী নজরুল।

ওবায়দুরের দাবি, তিনি সংসদ সদস্যের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করেছিলেন এবং ভিডিও ফাঁসের পেছনে তার হাত রয়েছে— এমন সন্দেহে তাকে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। ওবায়দুর রহমান ওই সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রীর আপন মামা।

এর আগে এক তরুণীর সঙ্গে গাজী নজরুলের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় বিতর্ক চরমে উঠলে ঘটনা তদন্ত করে জামায়াত। তদন্তে নজরুলের নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এএইচ