নিজস্ব প্রতিবেদক
০৬ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন একটি আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিলের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান।
এরআগে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ এবং ‘যৌতুক নিরোধ আইন’-এর অপব্যবহার রোধে এবং পুরুষদের হয়রানি থেকে সুরক্ষা দিতে নতুন এই আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়। আবেদনে বলা হয়, বর্তমানে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপব্যবহারের মাধ্যমে অনেক পুরুষ অপ্রয়োজনীয় হয়রানির শিকার হচ্ছেন। আইনের সমতা ও ন্যায়বিচারের স্বার্থে এমন একটি আইন প্রয়োজন, যাতে নারীরা বিদ্যমান আইনের অপব্যবহার করতে না পারেন।
আবেদনে পুরুষদের হয়রানি থেকে রক্ষায় ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন আইন প্রণয়ন করতে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অকার্যকর ঘোষণা করা হবে না— এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছিল। রুল চলাকালীন সময়ে পুরুষদের সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন নির্দেশনাও চাওয়া হয়েছিল আবেদনে। রিট আবেদনে বিবাদী করা হয়েছিল মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে।
আরএনবি/এএম