Dhaka Mail Logo

আইন-আদালত

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৬, ০১:১৭ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নীতিমালা প্রণয়ন এবং সাম্প্রতিক দুর্ঘটনার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহত পর্যটকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই নোটিশ পাঠান।

সম্প্রতি কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার প্রেক্ষিতে জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, গত ১ আগস্ট দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যু অত্যন্ত ‘মর্মান্তিক ও হৃদয়বিদারক’। এটি পর্যটকদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি এবং এই দুর্ঘটনার দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।

অভিযোগ করা হয়েছে যে, কক্সবাজার সৈকতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, দক্ষ অপারেটর ও মানসম্মত যন্ত্রপাতি ছাড়াই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান প্যারাসেইলিং পরিচালনা করছে। একাধিক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর নজরদারি দেখা যায়নি।

নোটিশে আরও বলা হয়, প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী ওই প্যারাসেইলিং কার্যক্রমের কোনো বৈধ অনুমোদন ছিল না। পর্যটন ম্যাজিস্ট্রেটদের অগোচরে কীভাবে এমন অননুমোদিত কার্যক্রম পরিচালিত হচ্ছিল, তা প্রশাসনের ব্যর্থতারই প্রমাণ।

আইনি নোটিশে আটটি দাবি উত্থাপন করা হয়েছে। যার মধ্যে রয়েছে-কক্সবাজারের সব ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ কর, অপারেটরদের লাইসেন্স ও নিরাপত্তা মান যাচাই করা, সাম্প্রতিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি গঠন ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া। এছাড়াও নিহত পর্যটকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান, অ্যাডভেঞ্চার পর্যটনের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা নির্দেশিকা ও নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের দাবি জানানো হয়েছে।

নোটিশ পাওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশদাতা আইনজীবী জানিয়েছেন।

আরএনবি/এমআর