Dhaka Mail Logo

আইন-আদালত

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউরের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম

‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মো. মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি মতিউর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে বলা হয়, মতিউর তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে নিজ নামে ও গোপনে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

২০২৪ সালের কোরবানির ঈদের আগে সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের ছেলে ১৫ লাখ টাকা প্রাথমিক দরে একটি ছাগল কেনার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে বিষয়টি ছাগলকাণ্ড নামে পরিচিতি পায়। এরপরই মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগসহ তাঁর সম্পদের বিষয়টি সামনে আসে।

এআর