নিজস্ব প্রতিবেদক
০৩ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম
নিয়োগ পাওয়ার মাত্র চার দিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান। সোমবার (৩ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে মাহফুজুর রহমান উল্লেখ করেন, গত ৩০ জুলাই আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকেসহ ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল।
তিনি লিখেছেন, ‘আমি ব্যক্তিগত কারণবশত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালনে অপারগ। এমতাবস্থায়, আমি ৩ আগস্ট হতে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’
চিঠিতে পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে দ্রুত অব্যাহতি প্রদানের জন্য আইনমন্ত্রীর প্রতি অনুরোধ জানান মাহফুজুর রহমান।
গত ৩০ জুলাই একযোগে ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। সেই তালিকায় মাহফুজুর রহমানও ছিলেন।
আরএনবি/এমআর