Dhaka Mail Logo

আইন-আদালত

প্রবাসীদের পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম

বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্টের ঝুলে থাকা (পেন্ডিং) আবেদনগুলো আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সেই সঙ্গে প্রবাসীদের দাখিল করা আবেদনগুলো দ্রুত পাসপোর্ট অফিসে পাঠানোর ব্যবস্থা করতে বিশ্বের সব হাই কমিশন ও দূতাবাসকে চিঠি দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন আইনজীবী মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, রিপন বাড়ৈ এবং মাহবুবুল ইসলাম।

শুনানি শেষে মনজিল মোরসেদ  বলেন, ‘প্রবাসীদের পাসপোর্ট সময়মতো না পাওয়ার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে আমরা জনস্বার্থে রিটটি দায়ের করি। আদালত অন্তর্বর্তীকালীন আদেশে পাসপোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যেন পেন্ডিং থাকা সব আবেদন আগামী ৬০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হয়।’

তিনি আরও বলেন, পাসপোর্ট নবায়ন করতে না পেরে অনেক প্রবাসী বিদেশের মাটিতে অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে থাকেন। এতে তাদের চাকরি চলে যাওয়ার পাশাপাশি গ্রেফতারের আশঙ্কা থাকে, যা দেশের রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব ফেলে। এই হয়রানি বন্ধে আদালতের শরণাপন্ন হতে হয়েছে।

পাশাপাশি আদালত তার আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী ২১ দিনের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের হাই কমিশন ও দূতাবাসগুলোতে একটি চিঠি ইস্যু করতে বলেছেন। চিঠিতে প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন পাওয়া মাত্রই তা দ্রুত ঢাকার পাসপোর্ট অফিসে পাঠানোর নির্দেশ দিতে বলা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র সচিবকে ২১ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে।

এ ছাড়া পাসপোর্ট অধিদফতরসহ সংশ্লিষ্টদের সামগ্রিক নির্দেশ পালনের বিষয়ে আগামী ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

পাসপোর্ট দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের ‘নিষ্ক্রিয়তা’ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দ্রুত পাসপোর্ট সরবরাহের স্থায়ী নির্দেশ কেন দেওয়া হবে না— তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, আইন সচিব এবং পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) মোট ১৪ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরীসহ তিন আইনজীবী এই রিট আবেদনটি দায়ের করেছিলেন।

এফএ