নিজস্ব প্রতিবেদক
০২ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম
সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
রোববার (২ আগস্ট) নিয়োগপ্রাপ্ত ২৬৫ জন আইন কর্মকর্তার প্রথম কর্মদিবসে তাদের নিয়ে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার আগে তিনি এই আহ্বান জানান। এদিন সকালে দোয়ার মাধ্যমে তারা দিনের কার্যক্রম শুরু করেন।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে বলেন, আইন কর্মকর্তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিতে নিষ্ঠার সঙ্গে কাজ করাই হবে আপনাদের মূল লক্ষ্য।
এর আগে গত ৩০ জুলাই আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৬৫ জন আইন কর্মকর্তাকে নিয়োগ দেয়। তাদের মধ্যে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রথম কর্মদিবসে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উপস্থিত হয়ে তারা আইনি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
আরএনবি/এফএ