নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মাত্র ১০ কার্যদিবসে ৫০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। মামলা জট কমাতে প্রধান বিচারপতির বিশেষ নির্দেশনায় নেওয়া উদ্যোগের অংশ হিসেবে এসব মামলা নিষ্পত্তি করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৭ হাজার ৫৬৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।
এর মধ্য দিয়ে গত ১০ কার্যদিবসে, প্রতি সপ্তাহে এক দিন করে, নিষ্পত্তি হওয়া পুরোনো মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ২৬৪টিতে। পরিসংখ্যান অনুযায়ী, এসব মামলার মধ্যে ৪৩ হাজার ৩৫৭টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা। বাকি মামলাগুলো পুরোনো রিট মামলা।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের মামলা জট কমানোর লক্ষ্যে প্রধান বিচারপতির নির্দেশনায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
চলতি বছরের ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল ও রিট মোশন বেঞ্চগুলোতে সপ্তাহে নির্দিষ্ট এক দিন পুরোনো মামলা নিষ্পত্তির জন্য অগ্রাধিকার দেওয়া শুরু হয়। এর ফলে পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পাশাপাশি বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিচারব্যবস্থার গতিশীলতা বাড়ানো এবং মামলা জট সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পুরোনো মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
আরএনবি/এআর