Dhaka Mail Logo

আইন-আদালত

তথ্য গোপন করে নতুন মামলা: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম

উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তথ্য গোপন করে নতুন করে মামলা করায় জিপিএইচ ইস্পাত লিমিটেডকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। জরিমানার এই অর্থ ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় ব্যয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে এই অর্থ জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। শুনানিতে তিনি জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলেন। জিপিএইচ ইস্পাতের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন।

আদেশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “আমরা চেষ্টা করছি মানুষ যেন ন্যায়বিচারের জন্য স্বচ্ছ হাতে (ক্লিন হ্যান্ড) আদালতে আসেন। কিন্তু কিছু ব্যক্তি তাদের এই স্বচ্ছতার ঘাটতি কাটিয়ে উঠতে পারছেন না। জিপিএইচ ইস্পাত ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও সিআইবি রিপোর্টে নাম না দেখানোর জন্য এর আগে হাইকোর্টে রিট করেছিল। সেখানে তারা স্থগিতাদেশ নিলেও পরে চেম্বার জজ আদালত তা স্থগিত করে দেন।”

তিনি আরও বলেন, “এতকিছুর পরেও তারা বিষয়টি গোপন করে নিম্ন আদালতে গিয়ে ইনজাংশন (নিষেধাজ্ঞা) চায়। সেখানে ব্যর্থ হয়ে পুনরায় হাইকোর্টের একটি বেঞ্চে এসে আবেদন করে। ২৯টি ব্যাংকের প্রায় ২১০০ কোটি টাকার ঋণ সংক্রান্ত বিষয়ে আদালতের কাছে তথ্য গোপন করা সম্পূর্ণভাবে প্রতারণার শামিল।”

রুহুল কুদ্দুস কাজল জানান, জিপিএইচ ইস্পাতের পক্ষে নিয়োজিত আইনজীবীরা এ বিষয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। আইনজীবীদের দাবি ছিল, তাদের মক্কেল আগের মামলার বিষয়ে তাদের অন্ধকারে রেখেছিলেন।

আদালত জিপিএইচ ইস্পাতের আবেদনটি খারিজ করে দিয়ে ৫ কোটি টাকা জরিমানার আদেশ দেন।

রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা বলেন, ‘আমি আদালতে আবেদন করেছিলাম যেন এই অসাধু আচরণের জন্য একটি দৃষ্টান্তমূলক দণ্ড দেওয়া হয়। আদালত আমাদের আবেদন গ্রহণ করেছেন। জরিমানার এই টাকা জুলাই গণআন্দোলনে আহত শিক্ষার্থী ও নাগরিকদের উন্নত চিকিৎসার জন্য ব্যয় করা হবে। রেজিস্ট্রার জেনারেল প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে এই অর্থ ব্যয়ের প্রক্রিয়া নির্ধারণ করবেন।’

আদালত সূত্রে জানা গেছে, জিপিএইচ ইস্পাতের কয়েকশ কোটি টাকার ঋণের তথ্য গোপনের বিষয়টি অ্যাটর্নি জেনারেলের নজরে আসার পর তিনি সশরীরে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নেন। 

সংশ্লিষ্টরা বলছেন, প্রভাবশালী কোম্পানিগুলো যেভাবে অর্থবিত্তের প্রভাবে আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করতে চায়, এই রায় তাদের জন্য একটি কড়া বার্তা। এই আদেশকে বিচার অঙ্গনের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তাদের মতে, এটি যেমন অসাধু মামলাকারীদের নিরুৎসাহিত করবে, তেমনি আন্দোলনে আহতদের চিকিৎসায় বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করবে।

আরএবি/এমআর