Dhaka Mail Logo

আইন-আদালত

কাদেরসহ লীগের ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ‘প্রভাবশালী এক মন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম

সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সাতজন নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দেবেন বর্তমান সরকারের একজন ‘প্রভাবশালী মন্ত্রী’। তবে কৌশলগত কারণে তার নাম গোপন রাখা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

এদিন মামলায় ২৭তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন লেখক, সাংবাদিক ও রাজনৈতিক পর্যবেক্ষক আশরাফ কায়সার। জবানবন্দি শেষে পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী তাকে জেরা শুরু করেন।

প্রসিকিউটর এমএইচ তামিম জানান, ‘আজ আশরাফ কায়সারের জেরা শেষ হয়নি। আগামীকাল (সোমবার) পুনরায় জেরা চলবে।’

ওবায়দুল কাদেরের মামলায় আর কোনো সাক্ষী আছে কি না—এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম জানান, আশরাফ কায়সারের পর সরকারের এক মন্ত্রী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসবেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘ওবায়দুল কাদেরের মামলায় আমরা আরও একজন সাক্ষী, যিনি বর্তমান সরকারের একজন মন্ত্রী, তিনিও সাক্ষ্য দেবেন বলে আমরা প্রত্যাশা করছি। আশরাফ কায়সার সাহেবের জেরা শেষ হওয়ার পরে আমাদের ওই মন্ত্রী সাক্ষ্য দেবেন, যিনি অনেক ঘটনাবলী জানেন।’

মন্ত্রীর নাম প্রকাশ না করার বিষয়ে তিনি বলেন, ‘নামটা একটু পরে বলি, সাক্ষীর নামটা আমরা আসলে গোপন রাখতে চাই। তিনি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী। তিনি আসবেন, তিনি নিজেই সাক্ষ্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এরপর আমরা হয়তো এই মামলাটি ক্লোজ (শেষ) করে দেব এবং পরবর্তী কার্যক্রমে যাবো।’

এই মামলার সাত আসামিই পলাতক রয়েছেন। ওবায়দুল কাদের ছাড়া অন্যরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এর আগে গত ৩০ জুন এই মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে নতুন করে সাক্ষ্যগ্রহণের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে নতুন সাক্ষীর জবানবন্দি নেওয়ার সুযোগ দেন।

তারও আগে গত ২৭ এপ্রিল এই মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছিল। ওইদিন ২৬তম সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদকে জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান। ওই তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল গত ১৯ এপ্রিল।

আরএনবি/এএইচ