Dhaka Mail Logo

আইন-আদালত

ফেরদৌস-রিয়াজের সঙ্গে ট্রাইব্যুনালে হিরো আলমের বিরুদ্ধেও অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে ‘গণহত্যায় প্ররোচনা ও মানবতাবিরোধী অপরাধে’ জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ২৭ জনের বিরুদ্ধে অভিযোগের আবেদন দায়ের করা হয়েছে। সেই তালিকায় ফেরদৌস, রিয়াজ, শাওনদের মতো তারকাদের সঙ্গে রাখা হয়েছে আলোচিত অভিনেতা হিরো আলমের নামও।

রোববার (২৬ জুলাই) দুপুরে  ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ জমা দেন ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’ (এসডিএফ) এর কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস।

এ সময় তার সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় সংগঠক মহাসিন এবং জুলাই আন্দোলনে আহত আবু বকর ছিদ্দিক ওরফে তুহিন ফরাজী ও তামিম হাসান উপস্থিত ছিলেন।

অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ঢাকা-১০ আসনের তৎকালীন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নির্মাতা মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, প্রবীণ অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার প্রমুখ।

শোবিজ ও গণমাধ্যমকর্মীদের এই দীর্ঘ তালিকায় ১৬ নম্বর অভিযুক্ত হিসেবে ‘হিরো আলম (অভিনেতা)’ এর নাম যুক্ত করা হয়েছে।

অভিযোগ দাখিল শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসডিএফ নেতা আল নূর মোহাম্মদ আয়াস আসামিদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ (সাংস্কৃতিক ফ্যাসিবাদী) আখ্যা দেন।

নূর মোহাম্মদ আয়াস বলেন, বর্তমানে যে কালচারাল ফ্যাসিস্ট আছে, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে এই কালচারাল ফ্যাসিস্টগুলো আমাদের ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে দিবালোকে খুন, গুম, হত্যা চালিয়েছে।

আন্দোলনে হতাহতদের ছোট করা হচ্ছে দাবি করে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের কাছে এবং বিশ্ববাসীর কাছে জুলাই গণঅভ্যুত্থানের যে আন্দোলন হয়েছিল; সেই আন্দোলনকে ছোট করে, আমাদের শহীদ ভাইদেরকে ছোট করে বিভিন্ন রকম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হচ্ছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে যারা সৈনিক ছিলেন, যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, যারা শহীদ হয়েছে... তাদের নিয়ে কটাক্ষ করা হচ্ছে।

চিফ প্রসিকিউটর বরাবর দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট ঘটনাবলীতে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগ বিভিন্ন সময়ে জনপরিসরে উত্থাপিত হয়েছে। এসব অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থেই এই আবেদন করা হয়েছে।

আরএনবি/এফএ