Dhaka Mail Logo

আইন-আদালত

জঙ্গি নাটক সাজিয়ে ৯ হত্যা: হাসিনাসহ ৮ জনের চার্জ শুনানি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম

রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ খ্যাত ভবনে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে প্রসিকিউশন।

মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হয়।

প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম মামলার ঘটনাস্থলসহ বিস্তারিত বিবরণ ট্রাইব্যুনালে তুলে ধরেন।

তিনি বলেন, "আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থান থেকে ইসলামি ভাবাপন্ন তরুণদের ধরে এনে ‘জঙ্গি’ তকমা দিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে নিয়ে হত্যা করা হতো।"

ভুক্তভোগী পরিবারের অনেকেই তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন জানিয়ে তিনি বলেন, সাক্ষ্যগ্রহণ পর্বে তাদের সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

শুনানিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হকের কিছু তথ্য তুলে ধরেন প্রসিকিউটর তামিম। একইসঙ্গে প্রাইমা ফেসি (প্রাথমিক প্রমাণ) বিবেচনায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন তিনি।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ ট্রাইব্যুনালকে জানান, প্রসিকিউশন থেকে মামলাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তারা মঙ্গলবারই হাতে পেয়েছেন। এসব যাচাই-বাছাইয়ের জন্য তাদের আরও এক মাস সময় প্রয়োজন।

এ পর্যায়ে প্রসিকিউশন থেকে আপত্তি জানিয়ে এক সপ্তাহ সময় দেওয়া যেতে পারে বলে ট্রাইব্যুনালকে জানানো হয়। পরে আদালত আসামিপক্ষের ‘ডিসচার্জ’ বা অব্যাহতি শুনানির জন্য আগামী ২ অগাস্ট দিন ধার্য করে।

এদিন আসামিপক্ষের আইনজীবী ডিএমপির সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার পক্ষে ‘কমিউনিকেশন প্রিভিলেজ’ আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে।

এই মামলায় বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক অন্য ছয় আসামি হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন কাউন্টার টেরোরিজম (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন।

শুনানিতে ট্রাইব্যুনালে প্রসিকিউটর জহিরুল আমিন, মামুনুর রশিদ, তারেক আবদুল্লাহ, মঈনুল করিম, শাইখ মাহদীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চলতি বছরের ২৯ জানুয়ারি এই মামলায় প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-১। পরে গত ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে ‘স্টেট ডিফেন্স’ নিয়োগ দেওয়া হয়।

প্রসিকিউশনের অভিযোগ, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি ভবনে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামের ওই অভিযানে নয় তরুণকে গুলি করে হত্যা করা হয়।

আরএনবি/এআর