Dhaka Mail Logo

আইন-আদালত

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার মেনন

নিজস্ব প্রতিবেদক

০৮ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক মন্ত্রী ও প্রতিষ্ঠানটির সাবেক গভর্নিং বডির সদস্য রাশেদ খান মেননকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৮ জুলাই) কারাগার থেকে তাকে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালতে হাজির করা হয়। 

এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মেননকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগে রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর মামলাটি করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির নিয়োগ বোর্ড গঠনের ক্ষমতা না থাকলেও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) বা তার প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি।

এছাড়া বিজ্ঞপ্তিতে চাওয়া এনটিআরসিএ সনদ ছাড়াই প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এমনকি নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ওই বছরেরই ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন। হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি।

এএইচ