জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম
দেশে কতগুলো স্লিপার বাস রয়েছে এবং কতগুলো স্লিপার বাস মহাসড়কে চলাচলের অনুমোদন দিয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২ জুলাই) এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন হাইকোর্ট। পরে বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।
রিটকারী আইনজীবী বলেন, সারাদেশের মহাসড়কে কতগুলো স্লিপার বাসকে অনুমোদন দেওয়া হয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এছাড়াও, রাস্তায় কতটি স্লিপার বাস চলে এবং একই রেজিস্ট্রেশন নম্বরের অনুকূলে একাধিক যেসব বাস চলে, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই মর্মে প্রতিবেদন দেওয়ার জন্য হাইওয়ে পুলিশকে আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, স্লিপার বাস মালিক সমিতির অধীনে কতটি বাস চলাচল করে, প্রতিটির রেজিস্ট্রেশন নম্বরসহ তালিকা দেয়ার জন্য সমিতিকে আদেশ দেন আদালত।
মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে চলতি বছরের ২৩ জানুয়ারি রিটটি দায়ের করেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। রিটে আবেদনে সড়কে নিরাপত্তা নিশ্চিতে অননুমোদিত স্লিপার বাস চলাচলের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।
রিটে ‘নিবন্ধন নিয়ে রাস্তায় স্লিপার-দোতলা বাস, বিআরটিএ বলছে ‘অবৈধ’, ‘অনুমতি ছাড়াই চলছে স্লিপার বাস, চেসিস বিক্রির আগে ম্যানেজ হয় নম্বরপ্লেট!’ এবং ‘অনুমোদন ছাড়া চলছে তিন শতাধিক স্লিপার বাস’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন রিট আবেদনে যুক্ত করা হয়।
এএম/এমআই