images

আইন-আদালত

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন ২০২৬, ০৩:২৮ পিএম

আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে তালিকাভুক্তির পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। এই প্রক্রিয়ার প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

শুক্রবার (১২ জুন) মধ্যরাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে জাইমা রহমানসহ মোট ৯ হাজার ২০১ জন উত্তীর্ণ হয়েছেন।

নিজের এ সাফল্যের কথা ফেসবুকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী কন্যা। 

জাইমা রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। দেশে আইন প্রাক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’

জানা গেছে, এবারের পরীক্ষায় জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

শুক্রবার (১২ জুন) সকালে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী।

তিন ধাপের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন। এ পরীক্ষায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন।

এএইচ