নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২৬, ০১:০১ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত।
সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।
আদালত সূত্রে জানা গেছে, সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে মিরপুর থানায় দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিলে আবেদন করলে আজ আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।
২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর এ মামলায় পাঁচ দিনের রিমান্ডে ভোগেন তিনি।
উল্লেখ্য, গ্রেফতার হওয়ার কিছু সময় আগে ওই দিন রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’
মামলার বিবরণে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেন যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের বাবুর্চি হৃদয় মিয়া। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তার ডান পা গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় ব্যারিস্টার সুমনকে।
এমআই