images

আইন-আদালত

তৃতীয় দফা রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পিএম

গণঅভ্যুত্থান চালাকালীন রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় মাহমুদুল হাসান (২৬) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা (সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল) মো. আফজাল নাছেরের তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন।

এদিন দুই দিনের রিমান্ড শেষে নাছেরকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তৃতীয় দফায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ মামলায় আফজাল নাছেরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৭ এপ্রিল ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন দ্বিতীয় দফায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় ছাত্র-জনতার একটি মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহত মাহমুদুল হাসানের পরিবার। আবু নাছের মামলাটির একজন এজাহারভুক্ত আসামি।

এএইচ