images

আইন-আদালত

সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ২ ফ্ল্যাটে রিসিভার প্রবেশের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি তালাবন্ধ ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ ও ফ্ল্যাটে রক্ষিত মালামাল ইনভেন্টরি করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আবেদনে বলা হয়েছে, গত ১২ জানুয়ারি আদালতের আদেশে সাইফুজ্জামান চৌধুরীর গুলশানে দুটি ফ্ল্যাট সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি এবং রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার হিসেবে পরিচালক (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট), দুর্নীতি দমন কমিশনকে নিয়োগ দেওয়া হয়েছে। ফ্ল্যাট দুটি তালাবদ্ধ থাকায় ভাড়া উপযোগী করাসহ রিসিভারের কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি মর্মে ওই ইউনিট থেকে সরেজমিন পরিদর্শন করে জনানো হয়েছে। 

ফ্ল্যাট দুটি রিসিভারের দখলে নেওয়া এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিকালে বিনা বাধায় ওই ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ এবং মালামালের ইনভেন্টরি করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।

এই আবেদনের শুনানি শেষে আদালত সাইফুজ্জামানের গুলশানের দুটি ফ্ল্যাটে রিসিভার প্রবেশের অনুমতি দেন।

এএইচ