২৭ এপ্রিল ২০২৬, ০২:২৯ পিএম
সারাদেশে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হামের টিকা দিতে ব্যর্থতায় যে কমিটি গঠন করা হয়েছে, তারা কী কাজ করছে-এ বিষয়ে দুই সপ্তাহ পর প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনবিদ ড. শাহদীন মালিক ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও স্বাস্থ্য অধিদফতরের আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দেশে হাম আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেই রিটে হামের প্রকোপ না কমানো পর্যন্ত স্কুল বন্ধ রাখার কথাও বলা হয়। গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।
রিট আবেদনে উল্লেখ করা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা এবং স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি প্রতিক্রিয়া প্রদানে ঘাটতি-এসবই সংবিধানের স্পষ্ট লঙ্ঘন।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৪৩। এ সময়ে সন্দেহভাজন রোগী মিলে মোট সংখ্যা ৩১ হাজার ২৮ জন। তাদের মধ্যে চার হাজার ৬০৩ জনের হাম নিশ্চিত হয়েছে।
আরও পড়ুন: কেন বাড়ছে হাম, প্রতিরোধে করণীয় কী
প্রসঙ্গত, সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়, বিশেষ করে শহর ও জনবহুল এলাকায়। বেশির ভাগ আক্রান্তই পাঁচ বছরের নিচে শিশু, যাদের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা টিকাদান কার্যক্রমের আওতায় আনতে পারেননি বলে অভিযোগ উঠেছে।
এমআই