images

আইন-আদালত

সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ দাবির প্রমাণ মিলেছে

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অডিও রেকর্ডে কোটি টাকা ঘুষ দাবির যে অভিযোগ উঠেছিল, সেটির প্রাথমিক সত্যতা পেয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত কমিটি।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি তথা ক্ষমতাচ্যুত আওয়ামী একজন সাবেক এমপিকে জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার বিষয়টি গত মাসে সামনে আসে।

এরপরই ঘটনাটি তদন্তে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) কমিটির প্রধান ও চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে আমরা সেই অডিও রেকর্ডের সত্যতা পেয়েছি। সেখানে দুজনের কথোপকথনের রেকর্ড আমরা পেয়েছি।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা যে অডিও পেয়েছি, সেখানে ফজলে করিম চৌধুরীর স্ত্রী ও সাবেক প্রসিকিউটর সাইমুম তালুকদারের কথোপকথনও আছে। এর বাইরে আর কোনো লেনদেন হয়েছে কি না, সেটা আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে দেখছি।’

মূলত ওই অভিযোগ ওঠার পরই প্রসিকিউটর সাইমুম রেজা আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। তবে অভিযোগ ওঠার পর তা অস্বীকারও করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি চট্টগ্রাম–৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। 

অভিযোগ ওঠে, মামলায় ফজলে করিমকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা এক কোটি টাকা চেয়েছিলেন বলে অভিযোগ। হোয়াটসঅ্যাপে এ সংক্রান্ত কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিং পাওয়া যায়। 

সাইমুম রেজার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানার পর তাকে মামলাটি থেকে সরিয়ে দেন ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অন্যান্য দায়িত্ব থেকেও তাকে সরানো হয়নি।

এএইচ