নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পিএম
সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ৯ এপ্রিল পর্যন্ত বিদ্যমান সচিবালয়ের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
সোমবার (২০ এপ্রিল) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেওয়া হয়।
আবেদনকারীর আইনজীবী কারিশমা জাহান জানান, গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট এক রায়ে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দেন। সেই রায়ের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে সচিবালয় প্রতিষ্ঠা করেছিল। তবে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর গত ১০ এপ্রিল ওই অধ্যাদেশ রহিত করে নতুন আইন প্রণয়ন করে, যার ফলে সচিবালয়টি বিলুপ্ত হয়ে সব কার্যক্রম পুনরায় আইন ও বিচার বিভাগের অধীনে চলে যায়। আপিলে হাইকোর্টের রায়কে সমর্থন জানিয়ে সরকারের রহিতকরণ আইনের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।
এদিকে, একই আইন চ্যালেঞ্জ করে সাত আইনজীবীর করা অপর একটি রিট আবেদনের শুনানি আপাতত মুলতবি করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তারা হাইকোর্টের মূল রায়ের বিরুদ্ধে দ্রুতই আপিল দায়ের করবে। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, যেহেতু বিষয়টি আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায়, তাই আপাতত উচ্চ আদালতে রিট শুনানি স্থগিত রাখা সমীচীন।
রিটকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, আদালত বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং আপিলের পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
/একেবি/