নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২২, ০৩:৩৫ পিএম
রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে দোকান কর্মচারী মুরসালিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ জুলাই) ঢাকা মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তীর আদালত এই দিন ধার্য করেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।
এর আগে গত ২১ এপ্রিল মুরসালিনের মৃত্যুর ঘটনায় তার ভাই নুর মোহাম্মদ হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
মুরসালিন কুমিল্লার তিতাস উপজেলার বাডাকান্দি গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে মুরসালিন দ্বিতীয়। এছাড়া মুরসালিন এক ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রীর নাম মিতু আক্তার।
গত ১৭ এপ্রিল রাত ১২টায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন ১৮ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। এছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাহিদ হাসান নামে এক কুরিয়ারকর্মী।
টিএ/জেবি