images

আইন-আদালত

ভয়ভীতি দেখানোর অভিযোগে পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ ২০২৬, ১১:১৮ এএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা মামলার আবেদন জমা দিয়েছি। আজ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন।

নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয়ী হন মির্জা আব্বাস। পরাজয়ের পর পাটওয়ারী ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন।

নির্বাচনের সময় এই দুজনের সম্পর্ক ছিল দা-কুমড়োর মতো। প্রচারণার সময় দুজনেই যেমন ছিলেন সরব ও সতর্ক, তেমনি তাদের বাকযুদ্ধ ছিল সারাদেশে আলোচিত।

নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে প্রায়ই নাকানি চুবানি খাইয়েছেন। নির্বাচনে এই দুজনের প্রতিদ্বন্দ্বিতা ঢাকা-৮ আসনে আলাদা মাত্রা যোগ করেছিল।

এমআর