images

আইন-আদালত

সাবেক সচিব নজরুল ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ ২০২৬, ০২:৫৫ পিএম

দুর্নীতির অভিযোগে শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রবিবার (১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন। আবেদনে উল্লেখ করা হয়, নজরুল ইসলাম খানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে-উদ্দীপন এনজিওর চেয়ারম্যান নিয়োগে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে আর্থিক সুবিধা নেওয়া, বিদেশে অর্থ পাচার, ঘুষ ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া।

দুদকের আশঙ্কা, নজরুল ইসলাম দেশত্যাগ করে বিদেশে পলায়ন করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগগুলোর বিষয়ে অনুসন্ধান প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের স্বার্থেই সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা চাওয়া হয়। আদালত তা মঞ্জুর করে আদেশ জারি করেছেন।

এ আদেশের ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরুল ইসলাম খান দেশের বাইরে যেতে পারবেন না।

এমআর/এমআর