images

আইন-আদালত

দুটি আসনের ভোট পুনর্গণনা চেয়ে হাইকোর্টে আবেদন বিএনপির

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ ২০২৬, ১২:৫০ পিএম

দেশের দুটি সংসদীয় আসনে কারচুপির অভিযোগ তুলে ভোট পুনর্গণন করতে হাইকোর্টে আবেদন করেছে বিএনপি। আসন দুটি হলো- রাজশাহী-৪ ও পাবনা-৪।

এর মধ্যে রাজশাহী-৪ আসনে জাময়াতের প্রার্থী আব্দুল বারীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী জিয়াউর রহমান।

অন্যদিকে পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী আবু তালেব মন্ডলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান।

রোববার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো শুনানির জন্য গ্রহণ করেছেন। 

একইসঙ্গে দুই আসনের নির্বাচনি সরঞ্জামাদি ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীকে নোটিশ দিয়েছেন আদালত। ১১ মে আবেদনগুলো শুনানির দিন রেখেছেন আদালত।

আদালতে বিএনপির প্রার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। প্রধান বিরোধী দল হয়েছে জামায়াতে ইসলামী। 

এএইচ