images

আইন-আদালত

টিউলিপ সিদ্দিককে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারি

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

দুর্নীতির মামলায় পলাতক আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। 

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে গুলশান-২ এলাকায় ক্ষমতার অপব্যবহার করে একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণ করার অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে দেশত্যাগ করেছেন এবং মামলার আলামত নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে রেড নোটিশ জারির এই প্রক্রিয়া গ্রহণের অনুমতি দিয়েছেন আদালত।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি একই মামলায় টিউলিপ সিদ্দিক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের দাখিলকৃত অভিযোগপত্র গ্রহণ করে সেই আদেশ দিয়েছিলেন। আদালত আগামী ৮ মার্চের মধ্যে পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক, সরদার মোশাররফ হোসেন এবং তার সহকর্মী শাহ মো. খসরুজ্জামানের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোনো প্রকার অর্থ পরিশোধ ছাড়াই ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখলে নেন এবং পরবর্তীতে সেটি নিজেদের নামে নিবন্ধন সম্পন্ন করেন।
আদালত আজ এই মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া গতিশীল করতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলের মাধ্যামে রেড নোটিশ জারির চূড়ান্ত নির্দেশনা প্রদান করলেন।

এমএইচএইচ/এমআই