নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ‘যারা কোনো অন্যায় করেনি, তারা প্রসিকিউশনের মাধ্যমে হয়রানির শিকার হবেন না। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রাপ্য সাজা পেতে হবে।’
সোমবার (২৩ ফেব্রুয়ারি) চিফ প্রসিকিউটরের দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘এই ট্রাইব্যুনালে যে সকল বিচার চলমান আছে এবং আগামী দিনে যে সকল মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে ট্রাইব্যুনালের বিচারকার্যে সহযোগিতা করতে পারি।’
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে (অ্যাটর্নি-জেনারেলের পদমর্যাদা) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো।
একইসঙ্গে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
এএইচ