নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন।
একই সঙ্গে এ বিভাগের ২০২৪ সালের ২৮ আগস্টের স্মারকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে মো. ইছা ও মো. ওবায়দুর রহমানের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।
নতুন নিয়োগ পাওয়া পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন- মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)।
এই পাঁচজনের মধ্যে মো. ইছা এবং মো. ওবায়দুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এএইচ