images

আইন-আদালত

বিনা ছুটিতে কানাডায় থাকা বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম

এক বছরের বেশি সময় ধরে বিচারিক কার্যক্রমের বাইরে থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ পদত্যাগ করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে পাঠানো তাঁর পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই–মেইলে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কানাডা থেকে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বিচারপতি মামনুন রহমান।

পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বিনা ছুটিতে দীর্ঘ এক বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বিচারপতি মামনুন রহমান। এ বিষয়ে ব্যবস্থা নিতে এর আগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছিল।

আরও পড়ুন: নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের ২ কোটি ৬৪ লাখ টাকার জমি ক্রোক

এর আগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে অপসারণ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে ৯ জন বর্তমানে আর দায়িত্বে নেই। কেউ সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত শেষে বাধ্যতামূলক অবসরে গেছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আবার কেউ অবসরে চলে গেছেন। বাকি তিনজন বিচারপতি পদে থাকলেও বর্তমানে বিচারিক দায়িত্বে নেই।

এ ছাড়া চলতি মাসে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে পাঠানো মোট ১৩ জন বিচারপতির বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুইজন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁদের একজন ছিলেন বিচারপতি মামনুন রহমান।

এআর