images

আইন-আদালত

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

ঢাকা–১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে মামলা করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ঢাকার সিএমএম আদালতে দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় এ মামলা করেন পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন মোহাম্মদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন।

আদালতে বাদীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মাহমুদুল হাসান।

মামলার আরজিরতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্ম চর্চার অধিকার হলো মানুষের মৌলিক অধিকার। “বিবাহ” হলো ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতিনীতি ও বিধান। পবিত্র কোরআনে সুরা নিসার ৩ নম্বর আয়াত অনুযায়ী একজন মুসলিম পুরুষ চারটি পর্যন্ত বিবাহ করতে পারবেন। 

অপরদিকে বাংলাদেশের প্রচলিত আইন ‘মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) এপ্লিকেশন এক্ট, ১৯৩৭” ধারা ২ অনুযায়ী বিবাহ, ভরণপোষণ, তালাক ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান পক্ষগণ যদি মুসলিম হয় সেক্ষেত্রে ইসলামী শরীয়াহ আইন প্রযোজ্য হবে। এক্ষেত্রে কোন নাগরিক ধর্ম প্রতিপালন নাও করতে পারে, কিন্তু ধর্মকে অপমান করা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারো নেই। উক্ত মামলার বিবাদী সানজিদা ইসলাম তুলি ইসলামে বিবাহ ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন এবং মুসলামদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন যা দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

উক্ত মামলায় বাদীর জবানবন্দি রেকর্ড করে এবং বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বিজ্ঞ আদালত পিবিআই কে আসামির বিরুদ্ধে অপরাধের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এআইএম/এআর