নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সেই কোটিপতি ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
আবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহার তার নিজ নামে ছয় কোটি আশি লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় এবং তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার মানসে পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার স্বামী মো. জাহাঙ্গীর আলমের সহায়তায় দুটি ব্যাংকের চারটি শাখার সাত টি হিসাবে সঞ্চয়ী ও ডিপিএস হিসাব খুলে পাঁচ কোটি ছিয়ানব্বই লাখ টাকা জমা/ক্রেডিট এবং জমাকৃত উক্ত অর্থ উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে।
আসামি কামরুন নাহার একজন আয়কর দাতা। তার আয়কর নথি ঢাকার কর অঞ্চল-৫ এর সার্কেল-১০৩ এ সংরক্ষিত আছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ২০১৩-১৪ কর বর্ষ থেকে ২০২৩-২৪ কর বর্ষের মূল আয়কর নথির স্থায়ী অংশ এবং বিবিধ অংশসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্রসমূহ জব্দ করে পর্যালোচনা করা একান্ত আবশ্যক।
প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না।’
সাবেক প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর রাতারাতি আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসেন পানি জাহাঙ্গীর। জনমনে এমন প্রশ্নও জাগতে শুরু করে, শেখ হাসিনার পিয়ন যদি ৪০০ কোটির মালিক হন, তবে তার মন্ত্রী-এমপি আর দলীয় নেতারা কত কোটির মালিক!
এএইচ