images

আইন-আদালত

সাবেক মন্ত্রী মখা আলমগীর ও স্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৫, ০৪:১১ পিএম

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও তার স্ত্রী সিতারা আলমগীরের নামে থাকা ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আবেদনে বলা হয়েছে, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত্ত করার নিমিত্তে এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশি ২১৬ কোটি এক লাখ ও মার্কিন ডলার ৬ হাজার ১৮৮ ডলার জমা এবং বাংলাদেশি ২০৯ কোটি ১৭ লাখ টাকা ও ছয় হাজার মার্কিন ডলার উত্তোলন করার দায়ে ড. মহীউদ্দীন খান আলমগীর এবং সিতারা আলমগীরের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। 

আসামিরা তাদের নামীয় ব্যাংক হিসাবগুলোতে রক্ষিত অর্থ উত্তোলনপূর্বক অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাছাড়া ব্যাংক হিসাবগুলো ব্যবহার করে আসামিদের অবৈধভাবে অর্জিত অর্থ পাচার করার সম্ভাবনা রয়েছে বিধায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ৩৩টি ব্যাংক হিসাব মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ এর বিধান অনুযায়ী অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

আবেদনের শুনানি শেষে আদালত মখা আলমগীর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

এএইচ