images

আইন-আদালত

স্বদেশ লাইফের চেয়ারম্যান মাকসুদুরের ২ সঞ্চয়পত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৫, ০১:০৬ পিএম

স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমানের দুটি সঞ্চয়পত্র জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

সঞ্চয়পত্রগুলোতে মোট ৪০ লাখ টাকা আছে বলে আবেদনে উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক নাফিজুর রহমান। 

আবেদনে আরও বলা হয়, মো. মাকসুদুর রহমান এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড উত্তরা শাখা থেকে স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির নামে থাকা এফডিআর জামানাত রেখে ১০ কোটি ২১ লাখ ১৭ হাজার টাকা স্বদেশ লাইফ ইন্সুরেন্স লিমিটেডের অনুকূলে ঋণ নেন। পরে সেই অর্থ আত্মসাৎ করার উদ্দেশে উত্তোলন করে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

এ অবস্থায় সঞ্চয়পত্র হিসাব দুটি অবরুদ্ধ করা না হলে অভিযুক্ত টাকা উত্তোলন করতে পারেন। তাই মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এজাহারনামীয় ব্যক্তি ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির নামে থাকা সঞ্চয়পত্র হিসাব দুটি অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এএইচ