images

আইন-আদালত

রেলওয়ে ও সহজ ডটকমের চুক্তি বাতিল চেয়ে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম

বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের টিকিট বিক্রির চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) অ্যাডভোকেট মিয়াজি আলম চৌধুরী এটি দায়ের করেন।

এর আগে গত ৩০ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের করা ‘প্রশ্নবিদ্ধ’ চুক্তি বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

রেজিস্ট্রি ডাকযোগে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, পরিকল্পনা সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) এবং সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়।

মিয়াজী আলমগীর আলম চৌধুরী বলেন, রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইট ভার্চুয়াল গেট খোলার কয়েক মিনিটের মধ্যেই লক্ষ লক্ষ হিট দিয়ে ভরে যায় এবং জনপ্রিয় গন্তব্যস্থলে যাওয়া বেশিরভাগ ট্রেনের টিকিট তাৎক্ষণিকভাবে বিক্রি হয়ে যায়, যার ফলে টিকিট মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় এবং অসংখ্য আগ্রহী যাত্রীর মধ্যে হতাশার সৃষ্টি হয়। সম্পূর্ণ ই-টিকিট ব্যবস্থা আরোপের মাধ্যমে জনগণের চলাচলের ওপর অযথা শর্ত ও ভোগান্তি আরোপ করা হয়েছে। যা ব্যক্তির স্বাধীনভাবে চলাফেরার মৌলিক অধিকারের লঙ্ঘন। এ বিষয়ে সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক ‘দুই মিনিটে টিকিট শেষ, এটা কোনো সিস্টেম হতে পারে না’ বলে মন্তব্য করেছেন।

রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের চুক্তির শর্তাবলি জনসমক্ষে প্রকাশ করা, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি তারিখের প্রশ্নবিদ্ধ চুক্তিটি স্থগিত করা এবং বাংলাদেশ রেলওয়ের সম্পূর্ণ ই-টিকিট ক্রয় ব্যবস্থা বাতিল করতে বলা হয়েছে। এ ছাড়া রেলওয়ের নিজস্ব ক্ষমতা অনুসারে ম্যানুয়াল টিকিটিং ব্যবস্থাসহ আনুপাতিক ই-টিকিট ক্রয় ব্যবস্থা পুনরায় চালু করতেও বলা হয়েছে।

এআইএম/এফএ