images

আইন-আদালত

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক এই তথ্য নিশ্চিত করেন।

এদিন এস কে সুরকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে দুদকের পক্ষ থেকে প্রসিকিউটর শামসুদ্দিন মো. আবুল কালাম অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

তবে আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় অব্যাহতির বিষয়ে শুনানি হয়নি। আদালত তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান, এই সময় সিতাংশু কুমার নিজেকে নির্দোষ দাবি করেন। পরে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, সিতাংশু কুমারকে জ্ঞাত আয়ের বাইরে সম্পদের হিসাব দিতে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। তিনি গত বছরের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী ফরম গ্রহণ করলেও ২১ কার্যদিবসের মধ্যে তা দাখিল করেননি।

এএসএল/এআর